চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ দলটির ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাত ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদীতে নিজ বাড়ি থেকে নাসির উদ্দিন আহমেদকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
আটক অন্যদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন ও যুবলীগ নেতা আরিফ হোসেন।
পুলিশ জানায়, হাসিবুল হাসান মুন্নাকে নিজ বাড়ি থেকে, আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা থেকে এবং কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়। এর আগে বিকেলে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে আটকের সময় স্থানীয় নেতাকর্মীরা পুলিশকে বাধা দেন।ঘড়ি কিনুন
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ ৩০ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে সরাসরি অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে শনাক্তের কাজ চলছে।
এর আগে শুক্রবার দুপুরে চাঁদপুরে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাসির উদ্দিন আহমেদকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।




