ঢাকার মেট্রোরেলে অসুস্থ বোধ করায় বসার জায়গা চেয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। তবে আশপাশের যাত্রীদের কেউ তাকে বসার সুযোগ দেননি বলে অভিযোগ করেছেন তার ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মেট্রোরেলের ভেতরেই মৃত্যু হয় এই অধ্যাপকের।
গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়ে এ কথা উল্লেখ করেন নাকিবুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আব্বু গত ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহূর্তেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থ অনুভব করায় আশপাশের লোকজনের কাছে বসতে চেয়েছিলেন। কেউ জায়গা ছেড়ে তাকে বসতে দেননি।’
বাবার মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে নাকিবুর রহমান লেখেন, ‘আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পড়ে যান। আল্লাহ তার মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। কিন্তু সন্তান হিসেবে এইটুকু মেনে নেয়াটা কষ্টকর।’
বাবার মৃত্যুর ঘটনায় কষ্টের কথা জানালেও কারও প্রতি রাগ বা অভিমান নেই বলে উল্লেখ করেছেন নাকিবুর রহমান। বরং বয়স্ক ও জ্যেষ্ঠ নাগরিকদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার কোনো রাগ-অভিমান নাই। শুধু এইটুকুই বলব সবাইকে, চলতে-ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্য কারও বাবা।’
বাবার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মেট্রোরেলে যাতায়াত নিয়ে বিতর্ক তৈরি করা কিংবা কোনো ব্যক্তিকে দায়ী করে মন্তব্য না করার অনুরোধও জানিয়েছেন নাকিবুর রহমান।
তিনি লেখেন, ‘অনুগ্রহ করে কেউ মেট্রোরেল যাতায়াতসংক্রান্ত উচিত-অনুচিত কথাবার্তা বা ঘটনা তুলে এনে কাউকে দোষারোপ স্বরূপ মন্তব্য করবেন না। চলাফেরা করার সময় আমাদের আশপাশের মানুষদের কমফোর্ট থাকার বিষয়টা খেয়াল করাই উত্তম।’
পোস্টের শেষাংশে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি ফোন ও বার্তার জবাব সবাইকে তাৎক্ষণিকভাবে দিতে না পারার কথা জানিয়ে পর্যায়ক্রমে যোগাযোগ করবেন বলেও উল্লেখ করেন।



