সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ, প্রাণবন্ত তরুণী কারিনা কায়সার এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে এখন লাইফ সাপোর্টে থাকা কারিনাকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আকুল আবেদন জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।
উন্নত চিকিৎসার জন্য কারিনাকে এখন ভারত বা সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার। কিন্তু এই বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করা বাবা কায়সার হামিদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমার আরেক ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন, দুই বছর তার চিকিৎসায় পরিবারের অনেক টাকা সেখানে খরচ হয়েছে। এখন এ মুহূর্তে এত টাকা জোগাড় করা আমাদের জন্য প্রায় অসম্ভব।’
সরকারের সহায়তা কামনা করে কায়সার হামিদ আরও বলেন, ‘জমি বিক্রি করে টাকার সংস্থান করার চেষ্টা করছি। কিন্তু এতে কিছুটা সময়ের প্রয়োজন। জানি না, সরকারিভাবে কোনো সাহায্য পাব কি না। সরকারসহ সাধারণ সবার কাছে আমি সহায়তা চাই। এই মুহূর্তে আমার মেয়েকে সুস্থ করে তোলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সবার সহায়তা এখন খুব দরকার।’
কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, কারিনা কায়সার একজন মেধাবী চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো কাজে তার অবদান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
একজন বাবা হিসেবে কায়সার হামিদের এখন একমাত্র লক্ষ্য যেকোনো মূল্যে তার আদরের মেয়েকে ফিরিয়ে আনা। সমাজের সামর্থ্যবান মানুষ এবং সরকারের সহযোগিতা পেলে হয়তো আবারও সেই প্রাণবন্ত হাসিতে মুখর হয়ে উঠবে কারিনার জগৎ।












