টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাই। এই তথ্য নিশ্চিত করেছেন আজ রোববার দুপুরে জোয়াহেরুলের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, কাগজপত্র যাচাই-বাছাই চলছে আজ রাত ১০:৩০ মিনিটে তার মরদেহ বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পালিয়ে ভারতে চলে যান জোয়াহেরুল ইসলাম। পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে তাঁকে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন তাঁর স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান মেয়ে জাকিয়া ইসলাম।
প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই বেশি পরিচিত ছিলেন ৷












