ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল মাদক উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৪৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।
রোববার ভোররাত ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপির হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৪৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন কৌশলী পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন