ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে ১ মাস সময় চান ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার নোটিশ পেয়ে সশরীরে হাজির হওয়ার কথা থাকলেও আজ উপস্থিত হননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে সশরীরে উপস্থিতির জন্য এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার আইনজীবীরা এই সময়ের আবেদন দাখিল করেন।

প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের নির্ধারিত দিনে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দেওয়ার কথা ছিল ব্যারিস্টার ফুয়াদের। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় আসতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এ কারণে তারা এক মাস সময় চেয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল-১। নোটিশে তাকে সশরীরে উপস্থিত হয়ে মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়ে আজ বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, সম্প্রতি এবি পার্টির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন যে, ট্রাইব্যুনালে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হচ্ছে। এই মন্তব্য ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হলে বিচারপ্রক্রিয়ার ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top