শেয়ার করুন

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন ক্যামেরা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ওড়ানো হবে ড্রোন ক্যামেরা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। আরও বলা হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র (লাইভ ফুটেজ) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top