দিনাজপুরের পার্বতীপুরের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় মানতাশা আরফিন মেঘলা নামে (৩৪) মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর থানার পৌরসভা এলাকার ৫ নং ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মানতাশা আরফিন মেঘলা দিনাজপুর পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে ও পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসআরবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদসহ পূর্ব ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেয়। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সেখানে আসেন।
এ সময় তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেন। এতে আন্দোলনকারীরা প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। পরে আসামিরা বাদীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় আসামি হাসপাতালে চিকিৎসা নিয়ে মামলা করেন। সেই মামলায় মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।



