শেয়ার করুন

‘তাহসিফকে হত্যা করে নদীতে ফেলা হয়ে থাকতে পারে’, বললেন তার বাবা এনায়েতুল করিম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছেন না তার বাবা কে এম এনায়েতুল করিম।

তিনি বলেছেন, ‘তাহসিফকে হত্যা করে তুরাগ নদে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।’ তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তাহসিফের বাবা।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আত্মহত্যার প্রশ্নই আসে না। তাহসিফ অত্যন্ত প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বিমানবাহিনীতে কমিশন্ড অফিসার হতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিভিন্ন কোর্স সম্পন্ন করার পাশাপাশি উড্ডয়নেও তিনি ভালো ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তাহসিফের সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। ছেলের মানসিক অবস্থা সম্পর্কে আমার ধারণা ছিল। আমার বিশ্বাস, তাহসিফ আত্মহত্যা করেননি। বরং তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।’

তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর তার এক বন্ধু বাসায় এসে তাহসিফকে ডাকেন। তখন মাকে নিচে গিয়ে বন্ধুর সঙ্গে কথা বলে আসার কথা জানিয়ে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফেরেননি।

তিনি বলেন, সেদিন সন্ধ্যার আগে তাহসিফ সারাদিন তার মায়ের সঙ্গে ছিলেন। কেনাকাটাও করেছিলেন। বাবার জন্যও কিছু কিনেছিলেন। সন্ধ্যার পর তাহসিফের এক জুনিয়র বন্ধু ও ছোটভাই বাসার নিচে এসে তাকে ডাকেন। তখন মাকে বলেন, ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি।’ এরপর নিচে গেলেও আর বাসায় ফেরেননি।

তাহসিফের বাবা বলেন, তার স্ত্রী ছেলের সঙ্গে যোগাযোগের জন্য অনেকবার চেষ্টা করেন। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মেসেজ দিয়ে লেখেন, ‘মমি আসছি’। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করতে পারেননি তারা।

ছেলের সঙ্গে কারও বিরোধ ছিল কি না, জানতে চাইলে কে এম এনায়েতুল করিম বলেন, তাহসিফ অত্যন্ত ভদ্র ও সামাজিক ছিলেন। কারও সঙ্গে তার ঝগড়া-বিবাদ বা বিরোধ ছিল বলে জানা নেই। এ কারণে কী ঘটেছে, তা তারা বুঝতে পারছেন না।

তিনি আরও জানান, চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণে তাহসিফের কিছুটা খারাপ লাগা স্বাভাবিক হলেও এ নিয়ে বড় কোনো সমস্যা ছিল বলে তিনি মনে করেন না। তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নেত্র নিউজের সঙ্গে কাজ করেছেন। সবশেষ ভার্গ নামের একটি প্রতিষ্ঠানে প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় বিশ্রামে ছিলেন তিনি।

তাহসিফের বাবা জানান, বুধবার দুপুরের দিকে তিনি থানায় গিয়ে ছেলের খোঁজ করেন। তখন পুলিশ জানায়, তার ছেলের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে বিকেল সোয়া ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে ফোন করা হয়। বাবা ও ছেলের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে জানানো হয়, তুরাগ নদে একটি মরদেহ পাওয়া গেছে।

রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ওই এলাকায় তাহসিফ কখনো যেতেন না। তারপরও সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না।

নৌ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে থাকা ঘড়ি ও পকেটে পাওয়া আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, তাহসিফের মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ময়নাতদন্তের জন্য তাহসিফের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top