দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ!

চরফ্যাশনের দলিল লেখকের বিরুদ্ধে এক অসহায় জমি বিক্রেতার জমি বিক্রির জমা কৃত
১লাখ ৫৭হাজার ৫০০ টাকা থেকে ৩৭হাজার ৫০০টাকা আত্মসাতের
অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় মঙ্গলবার ২৫ আগস্ট চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. আঃ হালিম ওরফে মনির
সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ফখর উদ্দিনকে বিবাদী করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চরফ্যাশন থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে এবং বাদীর ভাষ্যমতে জানা গেছে, হালিম তার মায়ের নামীয় ১৪ দশমিক ৪৮ শতাংশ জমি দুলাল নামের এক ব্যাক্তির কাছে ১লাখ ৫৭হাজার ৫শত টাকা মূল্যে বিক্রি করেন। সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ফখর উদ্দিন লাইসেন্স সনদ নম্বর ২২৮৯/৫৭ এর মাধ্যমে দলিল সম্পাদন করেন।
জমি ক্রেতা দুলাল জমি বিক্রির ১লাখ ৫৭হাজার ৫শত টাকা বিক্রেতা আ: হালিমকে বুঝিয়ে দেওয়ার জন্য দলিল লেখক ফখর উদ্দিনের কাছে জমা রাখেন।
বিক্রেতা হালিম অভিযোগে আরো বলেন, দলিল লেখক আমার জমি বিক্রির পুরো টাকা না দিয়ে ১লাখ ২০হাজার টাকা আমাকে দিলেও বাকি ৩৭হাজার ৫শত টাকা চাইলে দেই দিচ্ছি করে ঘুরাতে থাকে। এক পর্যায়ে দলিল লেখক ফখর উদ্দিন ৭হাজার টাকা ‘পাওয়ার দলিলের’ খরচ হয়েছে বলে জানান। বাকি ৩০হাজার ৫শ টাকা চরফ্যাশন সদর সাব রেজিষ্ট্রারকে দিয়েছেন বলে ছাপ জানিয়ে দেন।
তবে চরফ্যাশনের সাব রেজিষ্ট্রার মো.কাওছার খান বলেন, ‘পাওয়ার দলিলের’ সরকারি খরচ মাত্র ৯২০ টাকা। আমাকে ৩০হাজার ৫শত টাকা এবং ‘পাওয়ার দলিলের’ খরচ বাবদ ৭হাজার টাকা দিয়েছে এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখবো। দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দলিল লেখক ফখর উদ্দিন সংবাদকর্মীদের বলেন, ‘পাওয়ার দলিল’ খরচ বাবদ চরফ্যাশন ও মনুপুরা সাব রেজিষ্ট্রি অফিস এবং  স্ট্যাম্পের বাবদ ১৭হাজার টাকা খরচ হয়েছে। বাকী টাকা আমার লেখনি খরচ বাবদ রেখে দিছি। সাব রেজিষ্ট্রি অফিসে খরচের স্বপক্ষে রশিদ চাইলে কোন রশিদ দেখাতে পারেননি এই দলিল লেখক। তিনি বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কোন লেনদেন হলে রশিদ দেয়না। আন অফিসিয়াল কার্যক্রম হয়। আমি তাই করেছি।
সংবাদকর্মীরা তথ্য অনুসন্ধানে গেলে অসহায় মানুষের টাকা আত্মসাত করায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় অনেকেই।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ প্রসঙ্গে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন