শিশুকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান মান্দার এমপির

শিশুকে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু। তিনি বলেছেন, “অশুভ শক্তিকে বিনাশ করতে সময় লাগলেও শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়। সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মঙ্গলবার দুপুরে মান্দা উপজেলার তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুস্থ জাতি ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে এমপি ইকরামুল বারি টিপু বলেন, “বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে উপযুক্ত বাজেট বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছেন।”
সমাবেশে বক্তব্য রাখা অন্যান্য বক্তারা মাদক ও বাল্যবিয়ের মারাত্মক কুফল তুলে ধরেন। পাশাপাশি একটি শিক্ষিত ও সুস্থ জাতি গঠনে করণীয় দিকগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় অন্য অতিথিরা বক্তব্য রাখেন। এতে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন