নওগাঁর মান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নওগাঁর মান্দায় খেলার মাঠ ও খেলাধুলার উপযুক্ত পরিবেশের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে মাঠের সমস্যা সমাধানে তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস দীর্ঘদিন ধরে খেলার মাঠের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। এর আগে মাঠের সমস্যার সমাধান না হওয়ায় তারা ক্লাস বর্জন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়সংলগ্ন একটি জমিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। জমিটি নিচু হওয়ায় বর্ষাকালে সেখানে পানি জমে যায়। ফলে বছরের বড় একটি সময় জমিটি খেলাধুলার অনুপযোগী থাকে। সম্প্রতি জমিটির একাংশের মালিক আইল দিয়ে জায়গাটি দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও সীমিত হয়ে পড়ে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য নির্দিষ্ট ও উপযুক্ত কোনো মাঠ নেই। এতে তারা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা ও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সময় তিনি বিদ্যালয়েও উপস্থিত ছিলেন না।
বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি নওফেল আলী মণ্ডল বলেন, ‘শিক্ষার্থীদের খেলার মাঠের দাবিটি যৌক্তিক। এ বিষয়ে সমাধানের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জমির মালিক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে দ্রুত মাঠের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

পর্যটন কেন্দ্র চর কুকরী-মুকরী খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়: সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রী ও পর্যটক, হুমকির মুখে পর্যটন শিল্প

ভোলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী ,ঢালচরের

Scroll to Top