নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের এক অসহায় নারীর টাকা আত্মসাৎ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন এবং ইউপি সদস্য মোহাতার আলীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বিকেল সাড়ে চারটায় বৈকুন্ঠপুর বাজারে আধাইপুর ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দর আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসম বাংলাদেশ ভূমিহীন আন্দোলন-এর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে ভুক্তভোগী নারী তহমিনা বেগম অভিযোগ করে বলেন, ‘পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের সালিসে ১ লাখ ৫০ হাজার টাকা মীমাংসার সিদ্ধান্ত হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান আমাকে সম্পূর্ণ টাকা না দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া, সালিস খরচ ও বকশিশের কথা বলে বাকি ৩০ হাজার টাকা চেয়ারম্যান নিজেই রেখে দিয়েছেন।একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে টাকা আত্মসাৎ করায় ক্ষোভ প্রকাশ করে তহমিনা বেগম বলেন, এমন চেয়ারম্যান আমরা চাই না। আমরা তাঁর বহিষ্কার এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
মানববন্ধনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সনি বলেন, সালিশি কমিটিতে সদস্য হিসেবে থাকলেও পারিবারিক জরুরি কাজে আমি বগুড়ায় ছিলাম। পরবর্তীতে ভুক্তভোগীর মুখে শুনেছেন মোট ১ লাখ ৫০ হাজার টাকার মধ্য থেকে সালিশের খরচ ও বকশিশ বাবদ ৩০ হাজার টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বদলে যারা অর্থ আত্মসাৎ করেন, আমরা তাদের উপযুক্ত বিচার চাই।
৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পলাশ হোসেন বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও গরিব ও অসহায় মানুষের সহায়তার নামে টাকা আত্মসাতের নানা অভিযোগ রয়েছে। আমরা অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চেয়ারম্যান ও অভিযুক্ত ইউপি সদস্যের পদত্যাগ চাই।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শতাধিক সচেতন নাগরিক অংশ নেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপকর্মের জন্য চেয়ারম্যানকে জনসম্মুখে ভুল স্বীকার করতে হবে এবং ভুক্তভোগীর আত্মসাৎকৃত টাকা দ্রুত ফেরত দিতে হবে। অন্যথায় পরবর্তীতে চেয়ারম্যানের বাড়ি ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।




