নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ

নাটোরের নলডাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসকে কেন্দ্র করে নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব পোস্টার সাঁটানো হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে নলডাঙ্গা ও নাটোর সদরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল এবং বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই ভিডিও নিজেদের ফেসবুক আইডিতেও পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, বেশ কয়েক দিন ধরে নাটোরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল ও পোস্টারিংয়ের মতো কর্মসূচি চালিয়ে আসছেন।
এ বিষয়ে নলডাঙ্গার যুবদল কর্মী বিপ্লব হোসেন, জাসাস নেতা শাহিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের এ ধরনের কর্মকাণ্ড নাশকতার চেষ্টা হতে পারে। প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর নলডাঙ্গা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। তবে স্থানীয়দের অভিযোগ, কয়েকজন প্রভাবশালী নেতা-কর্মী এলাকায় অবস্থান করেই বিভিন্নভাবে সক্রিয় রয়েছেন।
এর আগে বিভিন্ন সময় নাটোর জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
তবে পোস্টারিংয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন