নসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরাতে প্রতিমন্ত্রীর সঙ্গে আলেমদের সাক্ষাৎ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি আলেম মাওলানা নসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, তাঁর পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলেমদের একটি প্রতিনিধি দল।

গতকাল (১২ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা নিহত মাওলানা নসরুল্লাহ বদরের মৃত্যুর ঘটনা তুলে ধরে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

প্রতিনিধি দলে ছিলেন রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়ার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নিউ স্কাটন দিলু রোড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সালাউদ্দিন, ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, গুলিস্তানের পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, নিউমার্কেট মাদ্রাসাতুন নাজাতের প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা ইলিয়াস আরাবীসহ অন্যরা।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিহত মাওলানা নসরুল্লাহ বদরের বাবা-মা ও বড় দুই ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত সংশ্লিষ্ট ট্রাভেলসের মালিক এবং নিহতের মাদ্রাসার প্রিন্সিপালের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি।

মাওলানা নসরুল্লাহ বদরের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রতিমন্ত্রী সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি।মানচিত্র দেখুন

পরিবারের পক্ষ থেকে যেকোনো উপায়ে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। স্বজনদের প্রত্যাশা, প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ পাবেন তাঁরা।

আলেম প্রতিনিধি দলের সদস্যরা বলেন, মাওলানা নসরুল্লাহ বদর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে হামলায় তাঁর মৃত্যুতে পরিবার গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বলে তাঁরা মনে করেন।

প্রতিমন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের পাশে থাকার পাশাপাশি মাওলানা নসরুল্লাহ বদরের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top