শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

নানককে ঘিরে সীমান্তে সতর্ক ব্রাহ্মণবাড়িয়া বিএনপি, মাঠে সিরাজুল ইসলাম সিরাজ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছানোর পর তাঁর বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়েছে। এ খবরের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সাংগঠনিকভাবে সতর্ক অবস্থান নিয়েছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিন সীমান্তবর্তী উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

নির্দেশনায় সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে শুধু সাংগঠনিক নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি নিজেই সীমান্তবর্তী এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সাংগঠনিক সমন্বয় ও সতর্কতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের বিষয়েও খোঁজ নেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

জেলা বিএনপির এ উদ্যোগের ফলে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় জোরদার করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা বলছেন, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করাই এ তৎপরতার মূল উদ্দেশ্য।

তবে সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মীদেরও আইন মেনে দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top