পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর বিপুল সিকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি ধান ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ওই এলাকার বিনোদ সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছিলেন।
সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে বিপুল সিকদারের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



