নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মোল্যা (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল সোমবার সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মোল্যা পেশায় একজন কৃষক ছিলেন।
পথচারী কৃষক সবুজ মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে মাধবপাশা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী কৃষক সবুজ মোল্যা। এরপর ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




