পটিয়ায় বাসচাপায় প্রাণ হারানো এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে ৩০ হাজার টাকায় সমঝোতার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর প্রথমে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও পরবর্তী বৈঠকে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৬০)। তিনি পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার প্রয়াত আবদুর রশিদের ছেলে।
গত রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে পটিয়া উপজেলা ভূমি অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় ‘খাজা গরিবে নেওয়াজ’ পরিবহনের একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই দিন রাত ১১টার দিকে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. ইকবাল বাসচালককে আসামি করে পটিয়া থানায় মামলা করেন।
সমঝোতা বৈঠকে নির্ধারণ ৩০ হাজার টাকা
নিহতের পরিবারের সঙ্গে বাস মালিকপক্ষের প্রতিনিধিদের সমঝোতা নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সোমবার সন্ধ্যায় বাস মালিক সমিতির প্রতিনিধি মো. এনাম, বাস মালিকের প্রতিনিধি রফিক ড্রাইভার এবং মামলার বাদী মো. ইকবালের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনা শেষে ৩০ হাজার টাকায় সমঝোতা হয়।
মামলার বাদী মো. ইকবাল সমঝোতার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, নিজের ইচ্ছায় নয়, বরং বাস মালিক সমিতি ও মালিকপক্ষের চাপের মুখে তিনি এতে সম্মত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথমে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব থাকলেও পরে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়।
ঘটনার পর আত্মগোপনে ছিলেন চালক, পরে গ্রেপ্তার
বাস মালিকের প্রতিনিধি রফিক ড্রাইভার জানান, বাসটির মালিক সাইফুল ইসলাম তাঁকে গাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। দুর্ঘটনার সময় রাসেল নামের এক ব্যক্তি বাসটি চালাচ্ছিলেন। ঘটনার পর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পুলিশ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাসচালক শাহাদাত হোসেন রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন ৫ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ মাস্টারের বাড়ির মুনছুর আলীর ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, নিহতের ছেলের দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় তাঁকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানোর কথা রয়েছে।
সমঝোতার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দের চেষ্টা চলছে।
দুর্ঘটনায় একজনের প্রাণহানি, মামলা ও গ্রেপ্তারের পাশাপাশি ৩০ হাজার টাকার সমঝোতার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলেছে। একজন মানুষের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে এমন আর্থিক সমঝোতা কতটা গ্রহণযোগ্য—তা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।




