পাকিস্তানের রাজস্বসংকট: কর বাড়ানোর আগে সরকারি অপচয় বন্ধের তাগিদ

উৎপাদনশীল প্রতিষ্ঠানকে অতিরিক্ত করের চাপে জর্জরিত করে, অদক্ষতায় ভর্তুকি দিয়ে, ব্যয়বহুল আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক বিদ্যুৎব্যবস্থা টিকিয়ে রেখে এবং সাধারণ নাগরিকদের ওপর আরোপিত আর্থিক শৃঙ্খলা থেকে শাসকগোষ্ঠীকে অব্যাহতি দিয়ে কোনো অর্থনীতি টেকসই সমৃদ্ধি অর্জন করতে পারে না।

পাকিস্তানের রাজস্ব উদ্বৃত্ত গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে ২ লাখ ১১ হাজার ৯০০ কোটি রুপি থেকে নেমে এসেছে। বর্তমানে জিডিপির ০.৯ শতাংশে দাঁড়িয়েছে রাজস্ব উদ্বৃত্ত, যা এক বছর আগে ছিল ১.৭ শতাংশ। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট রাজস্ব আদায় ৩ শতাংশ কমে ৬ লাখ ৪০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

পাকিস্তানের রাজস্বসংকট এখন আর শুধু বেশি রাজস্ব আদায় বা বাজেট ঘাটতি কমানোর বিষয় নয়। মূলত এটি একটি অকার্যকর অর্থনৈতিক ব্যবস্থার সংকট। ধারাবাহিকভাবে ক্ষমতায় আসা সরকারগুলো কাঠামোগত সংস্কার এড়িয়ে অতিরিক্ত কর আরোপ, ঋণ গ্রহণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তার ওপর নির্ভর করেছে।

গত এক দশকে পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউর (এফবিআর) কর আদায় নামমাত্র হিসাবে ৩১৭.৭৭ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ৩ হাজার ১১২ বিলিয়ন রুপি থেকে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ১৩ হাজার ১ বিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। এ সময়ে কর আদায়ের বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধির হার ছিল ১৫.৩৭ শতাংশ। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে এফবিআরের কর রাজস্ব ৭ শতাংশ বেড়ে ৩ লাখ ৮ হাজার ৬০০ কোটি রুপিতে পৌঁছেছে।

অন্যদিকে, সরকারের ব্যয় ১৬ শতাংশ বেড়ে প্রায় ৪ লাখ ৭৩ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে। সুদ পরিশোধের ব্যয় বেড়েছে ২৩ শতাংশ। প্রাথমিক উদ্বৃত্ত ১৫ শতাংশ কমে ২ লাখ ৯৭ হাজার ৪০০ কোটি রুপিতে নেমেছে, যা জিডিপির ২.১ শতাংশের সমান। সরকারের ব্যয়ের বড় অংশই ঋণ পরিশোধ ও নিয়মিত ব্যয়ের পেছনে চলে যাচ্ছে।

রাজস্ব আদায়ে এত বড় প্রবৃদ্ধি সত্ত্বেও গত এক দশকে পাকিস্তানের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল প্রায় ৩.৪ থেকে ৩.৫ শতাংশ। এটি এমন এক অর্থনৈতিক কাঠামোর গুরুতর ব্যর্থতা তুলে ধরে, যেখানে অর্থনীতি থেকে ক্রমাগত বেশি রাজস্ব আদায় করা হলেও উৎপাদন সক্ষমতা সেই অনুপাতে বাড়ছে না।

এর পরিণতি স্পষ্ট: শিল্প কর্মকাণ্ডের অবনতি, দুর্বল রপ্তানি, অপর্যাপ্ত বিনিয়োগ, বেকারত্ব, ব্যয়বহুল বিদ্যুৎ, ক্রমবর্ধমান সরকারি ঋণ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপ। হরমুজ প্রণালিতে বিঘ্ন বিশ্বজুড়ে বিভিন্ন অর্থনীতিকে প্রভাবিত করা একটি বহিরাগত কারণ। তবে সরকারের অতিরিক্ত ব্যয় এবং ঋণ গ্রহণের অদম্য প্রবণতা অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা। বিশ্বের অন্যান্য দেশের সরকার যখন ব্যয় পর্যালোচনা ও কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিচ্ছে, তখন পাকিস্তান ভবিষ্যৎ প্রজন্মের ওপর আরও ঋণের বোঝা চাপিয়ে চলেছে। মৌলিক সমস্যা শুধু অপর্যাপ্ত কর আদায় নয়; বরং অতিরিক্ত বড়, অদক্ষ ও ব্যয়বহুল রাষ্ট্রীয় ব্যবস্থা।

ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর করের বোঝা বাড়িয়ে স্থবিরতা

উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে এফবিআর ক্রমাগত চাপের মুখে রয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে নানা ধরনের কৌশল প্রয়োগ, ব্যাংক হিসাব জব্দ এবং অর্থ উত্তোলনের মাধ্যমে আরও বেশি ও অযৌক্তিক কর আদায়ের চেষ্টা করছে সংস্থাটি। দুর্ভাগ্যজনকভাবে, করের আওতার বাইরে থাকা খাতগুলোকে নথিভুক্ত অর্থনীতিতে আনার পরিবর্তে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়ানোই সবচেয়ে সহজ পথ বলে মনে হচ্ছে।

এ ধরনের পদক্ষেপ অর্থনীতির জন্য ক্ষতিকর। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে বিনিয়োগ, উৎপাদন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে। অথচ একই সঙ্গে তাদের অতিরিক্ত কর, উচ্চ জ্বালানি ব্যয়, নিয়ন্ত্রণব্যবস্থার অনিশ্চয়তা এবং ব্যয়বহুল অর্থায়নের চাপ মোকাবিলা করতে হচ্ছে।

এখানে স্ববিরোধিতা স্পষ্ট। সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়, অথচ এমন নীতি অনুসরণ করছে, যা প্রবৃদ্ধিকে নিরুৎসাহিত করে। যখন নথিভুক্ত প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান নিয়মকানুন ও কর-সংক্রান্ত বাধ্যবাধকতার মুখে পড়ে, তখন অনানুষ্ঠানিক খাতের প্রতিযোগীরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে ব্যবসা চালায়। ফলে করব্যবস্থা কার্যত সততাকে শাস্তি দেয় এবং অনানুষ্ঠানিকতাকে পুরস্কৃত করে।

সেবা খাতের প্রবৃদ্ধি শিল্প ও রপ্তানি খাতের তুলনায় বেশি হওয়ার পেছনে এটি অন্যতম কারণ। কৃষি, পাইকারি ও খুচরা বাণিজ্য, আবাসন এবং অন্যান্য কম কর দেওয়া খাতকে তাদের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী রাজস্ব দিতে হবে। কর প্রশাসনকে আরও স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে হবে। পাকিস্তানের প্রয়োজন করের বিস্তৃত ভিত্তি, একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়ানো নয়। অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায় বাড়াতে হবে, অর্থনীতির গতি রুদ্ধ করে নয়।

জ্বালানি নীতি: জনসাধারণের অর্থে অদক্ষতা টিকিয়ে রাখা

পাকিস্তানের জ্বালানি নীতি অর্থনৈতিক ব্যবস্থাপনার সবচেয়ে ব্যয়বহুল কাঠামোগত ব্যর্থতাগুলোর একটি। দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও নীতিনির্ধারকেরা ব্যয়বহুল তাপবিদ্যুৎ উৎপাদন, আমদানিনির্ভর জ্বালানি এবং পুরোনো চুক্তির ওপর নির্ভরশীল বিদ্যুৎব্যবস্থা রক্ষায় অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন।

ক্যাপাসিটি চার্জ, সঞ্চালনব্যবস্থার অদক্ষতা, বিতরণজনিত লোকসান এবং প্রায় ৫ লাখ ৩০ হাজার কোটি থেকে ৫ লাখ ৪৫ হাজার কোটি রুপির পুঞ্জীভূত বৃত্তাকার ঋণ (সার্কুলার ডেট) অর্থনীতিকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় থাকা উৎপাদনকারীদের পক্ষে এমন বিদ্যুৎ খরচ নিয়ে টিকে থাকা সম্ভব নয়, যা দেশে উৎপাদনকে ক্রমেই অলাভজনক করে তুলছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান তাদের স্থাপিত উৎপাদন সক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম উৎপাদন করতে বাধ্য হয়েছে অথবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সৌরবিদ্যুৎকে প্রতিষ্ঠিত বাণিজ্যিক স্বার্থের জন্য হুমকি হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত। পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ত্বরান্বিত করা, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা, বিদ্যুৎ সঞ্চালন গ্রিড আধুনিকায়ন, প্রতিযোগিতামূলক পদ্ধতিতে বিদ্যুৎ ক্রয়, জ্বালানি বাজারের উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত চুক্তিগুলো স্বচ্ছভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

এর অর্থ এই নয় যে রাতারাতি তাপবিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হবে। গ্রিডের স্থিতিশীলতা ও শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সতর্কভাবে এ রূপান্তর পরিচালনা করতে হবে। যে বিদ্যুৎব্যবস্থা দেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার অযোগ্য করে তুলছে, তা বজায় রেখে পাকিস্তানের রপ্তানিনির্ভর শিল্পায়নের স্বপ্ন দেখা সম্ভব নয়।

বিশাল আকারের মন্ত্রিসভা ছোট করতে হবে

বর্তমান সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশ্বের বৃহত্তম মন্ত্রিসভাগুলোর একটি। এতে প্রায় ৫৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন। অথচ দেশটি অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও রপ্তানি বাড়ানো, অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটিয়ে করের ভিত্তি সম্প্রসারণ এবং নাগরিকদের উন্নত সেবা দিতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রাম করছে।

২০২৫-২৬ অর্থবছরে বেসামরিক সরকার পরিচালনার ব্যয় (রানিং অব সিভিল গভর্নমেন্ট বা RoCG) প্রায় ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ৮৯ হাজার ২০০ কোটি রুপি। বাজেট নথি অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেসামরিক সরকার পরিচালনার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ১০০ কোটি রুপি।

এ মুহূর্তে কেন্দ্রীয় সরকারের একই ধরনের কাজ করা মন্ত্রণালয়গুলো একীভূত করা এবং যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব ইতিমধ্যে প্রদেশগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি বন্ধ করা জরুরি। এতে সরকার পরিচালনার ব্যয় কমানো সম্ভব হবে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান: করদাতাদের জন্য তলাবিহীন অর্থের গর্ত

রাজস্বের আরেকটি বড় অপচয়ের উৎস হলো দীর্ঘদিন ধরে লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে (এসওই) অর্থায়ন অব্যাহত রাখা। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসান ও দায়ের পরিমাণ প্রায় ৭ লাখ ২২ হাজার কোটি রুপিতে পৌঁছেছে।

এসব প্রতিষ্ঠানের অর্থবহ পুনর্গঠন, বেসরকারীকরণ কিংবা বাণিজ্যিকভাবে অকার্যকর প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে সরকার যত দেরি করছে, প্রতিদিন করদাতাদের ওপর প্রায় ৩০০ কোটি রুপির অতিরিক্ত আর্থিক বোঝা যুক্ত হচ্ছে।

বিদ্যুৎ বিতরণ কোম্পানি, পাকিস্তান স্টিল মিলস, ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান এবং অন্যান্য অদক্ষ সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এমন সম্পদ ও অর্থ ব্যবহার করছে, যা অন্যথায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং ঋণ কমানোর কাজে ব্যয় করা যেত।

এখানে স্পষ্ট অবিচার রয়েছে। লাভজনক বেসরকারি প্রতিষ্ঠানগুলো কঠোর করের মুখে পড়ছে, অথচ অদক্ষ সরকারি প্রতিষ্ঠানগুলো তুলনামূলক জবাবদিহি ছাড়াই বারবার আর্থিক সহায়তা পাচ্ছে।

প্রতিটি বাণিজ্যিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের স্বাধীন আর্থিক ও পরিচালনাগত মূল্যায়ন করা উচিত। যেসব প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় প্রতিযোগিতামূলকভাবে পরিচালিত হতে পারবে, সেগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় বেসরকারীকরণ করতে হবে। যেগুলো সরকারি মালিকানায় রাখা হবে, সেগুলোতে পেশাদার ব্যবস্থাপনা, স্বাধীন পরিচালনা পর্ষদ এবং বাস্তবায়নযোগ্য কর্মদক্ষতার লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হবে। সরকারি মালিকানা যেন জনগণের অর্থ অপচয়ের স্থায়ী অনুমতিপত্রে পরিণত না হয়।

বেনজির আয় সহায়তা কর্মসূচি: অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়াই ত্রাণ

দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য নিয়ে পরিচালিত হলেও বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) কোনো উৎপাদনমুখী অর্থনৈতিক কৌশলের বিকল্প হতে পারে না। নগদ অর্থ সহায়তা ঝুঁকিপূর্ণ ও অসচ্ছল পরিবারগুলোকে সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু দারিদ্র্যের কাঠামোগত কারণগুলো, যেমন বেকারত্ব, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত শিক্ষা, দক্ষতার অভাব এবং সীমিত অর্থনৈতিক সুযোগ, এসব সমস্যার সমাধান করে না।

পাকিস্তানকে এমন কল্যাণভিত্তিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, যা মানুষের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে নির্ভরশীলতা তৈরি করার ঝুঁকি সৃষ্টি করে। সরকারি সম্পদের ক্রমবর্ধমান অংশ কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করা উচিত, যাতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

এ ছাড়া দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম, প্রতারণামূলক সুবিধাভোগী এবং ভুয়া নিবন্ধন নিয়ে বারবার প্রকাশিত প্রতিবেদন কর্মসূচিটির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অযোগ্য ব্যক্তিদের সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্তি এবং যাচাইব্যবস্থার দুর্বলতা জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে ও করদাতাদের অর্থের অপচয় ঘটাচ্ছে।

৮৩ হাজার ৮০০ কোটি রুপির বরাদ্দ নিয়ে বিআইএসপিকে পরিমাপযোগ্য ফলাফল দেখাতে হবে। কতটি পরিবার দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে? কতজন সুবিধাভোগী কর্মসংস্থানযোগ্য দক্ষতা অর্জন করেছেন অথবা টেকসই জীবিকার ব্যবস্থা করতে পেরেছেন? লক্ষ্য হওয়া উচিত মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা, সরকারি সহায়তার ওপর স্থায়ী নির্ভরশীলতার মাধ্যমে দারিদ্র্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া নয়।

কৃচ্ছ্রসাধন শুরু হোক শীর্ষ পর্যায় থেকে

পাকিস্তানে কৃচ্ছ্রসাধন মূলত রাজনৈতিক স্লোগান হিসেবেই রয়ে গেছে। সরকারি বাসভবন, রেস্ট হাউস, ব্যাপক নিরাপত্তাব্যবস্থা, বিপুলসংখ্যক গাড়ি, বিনা মূল্যে জ্বালানি, বিদেশ সফর, একই ধরনের একাধিক দপ্তর এবং বিশেষ বিবেচনামূলক সুযোগ-সুবিধার পেছনে এখনো সরকারি অর্থ ব্যয় হচ্ছে।

করদাতা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে ত্যাগ স্বীকারের আহ্বান জানানো হবে, অথচ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় থাকা ব্যক্তিরা ব্যয় কমানোর অর্থবহ পদক্ষেপ থেকে সুরক্ষিত থাকবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলন কিংবা প্রতীকীভাবে স্টেশনারি খাতে ব্যয় কমানোর মাধ্যমে কৃচ্ছ্রসাধন প্রমাণ করা যায় না। এর জন্য অপ্রয়োজনীয় ব্যয় পরিমাপযোগ্যভাবে কমাতে হবে। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে তাদের প্রশাসনিক ব্যয়, যানবাহনের ব্যবহার, ভ্রমণ ব্যয় এবং বিশেষ বিবেচনামূলক সুযোগ-সুবিধার তথ্য প্রকাশ করতে হবে।

কর অব্যাহতি ও বিশেষ ছাড়গুলোও স্বাধীনভাবে পর্যালোচনা করতে হবে। কৌশলগত প্রয়োজনীয়তা এবং পরিমাপযোগ্য কর্মদক্ষতার ভিত্তিতে পাকিস্তানের বিদেশে প্রশাসনিক উপস্থিতি, যার মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে, যৌক্তিক পর্যায়ে আনতে হবে। যারা দেশ পরিচালনা করেন, তাদের দিয়েই কৃচ্ছ্রসাধন শুরু করতে হবে। যারা কর দেন, তাদের কাছে পরে এ দাবি জানানো উচিত।

বেতন, পেনশন ও সম্প্রসারিত রাষ্ট্রীয় ব্যবস্থা

সরকারি বেতন, পেনশন এবং প্রশাসনিক ব্যয় রাষ্ট্রের নিয়মিত আর্থিক দায়ের একটি বড় অংশ। বিশেষ করে অর্থায়নের ব্যবস্থা ছাড়া পেনশনের দায় জমতে থাকা উদ্বেগজনক। কারণ, এসব দায় কয়েক দশক ধরে জমা হয় এবং ভবিষ্যৎ সরকারগুলোর আর্থিক নমনীয়তা সীমিত করে দেয়।

বেসামরিক ও সামরিক উভয় খাতের পেনশনব্যবস্থায় আর্থিক হিসাবের ভিত্তিতে টেকসই সংস্কার প্রয়োজন। এর মধ্যে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য অবদানভিত্তিক পেনশনব্যবস্থা চালু, দায়ের হিসাব স্বচ্ছভাবে প্রকাশ এবং ডিজিটাল যাচাইব্যবস্থা নিশ্চিত করা অন্তর্ভুক্ত।

একইভাবে, সংবিধান অনুযায়ী প্রদেশগুলোর কাছে দায়িত্ব হস্তান্তরের পরও কেন্দ্র ও প্রদেশে থেকে যাওয়া একই ধরনের কাজের একাধিক দপ্তর চিহ্নিত করে যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করতে হবে। ডিজিটাল জনসেবা প্রশাসনিক ব্যয় কমানোর পাশাপাশি সেবা প্রদানের মান উন্নত করতে পারে।

অতিরিক্ত ঋণের মাধ্যমে অর্থায়ন করে ক্রমাগত সম্প্রসারিত প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখার পরিবর্তে পাকিস্তানের প্রয়োজন ছোট, দক্ষ ও অধিক জবাবদিহিমূলক সরকার।

ঋণের সুদ পরিশোধ: ঋণ শোধে আবার ঋণ নেওয়া

দশকের পর দশক ধরে আর্থিক অব্যবস্থাপনার সম্মিলিত ফল পাকিস্তানের ঋণের বোঝা। ২০২৫ সালের জুন নাগাদ দেশটির সরকারি ঋণ জিডিপির ৭০.৭ শতাংশে পৌঁছেছে। বর্তমানে সরকারের রাজস্বের অর্ধেকেরও বেশি সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। ফলে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে ব্যয়ের জন্য সীমিত অর্থ অবশিষ্ট থাকছে।

এই চক্র অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। ব্যয় মেটাতে ঋণ নেওয়া হয়, সুদ পরিশোধের কারণে ভবিষ্যতের দায় বাড়ে এবং সরকার এর জবাবে আরও কর আরোপ করে অথবা নতুন করে ঋণ নেয়।

এই চক্র ভাঙতে দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলা, উন্নত ঋণ ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন। আর্থিক সংহতির নামে উন্নয়ন ব্যয় কমিয়ে অদক্ষ ও নিয়মিত ব্যয়গুলো সুরক্ষিত রাখা যাবে না।

রপ্তানি ও বিনিয়োগ: সংরক্ষণবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসা

শুধু আমদানি সংকোচন এবং প্রবাসী আয় দিয়ে পাকিস্তানের টেকসই বৈদেশিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তার জন্য প্রতিযোগিতামূলক রপ্তানি এবং উৎপাদনশীল বৈদেশিক ও অভ্যন্তরীণ বিনিয়োগ প্রয়োজন।

যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্যের ওপর উচ্চ আমদানি শুল্ক উৎপাদন ব্যয় বাড়ায়, প্রযুক্তিগত আধুনিকায়নকে নিরুৎসাহিত করে এবং রপ্তানি সক্ষমতাকে দুর্বল করে।

সংরক্ষণবাদী নীতি সাময়িকভাবে নির্দিষ্ট কিছু শিল্পকে সুরক্ষা দিতে পারে। তবে দীর্ঘদিন এ ধরনের সুরক্ষা অদক্ষতা তৈরি করে, প্রতিযোগিতাকে নিরুৎসাহিত করে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে।

২০২৫-৩০ মেয়াদের জাতীয় শুল্কনীতি আরও প্রতিযোগিতামূলক বাণিজ্যব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি করেছে। তবে এর বাস্তবায়ন ধারাবাহিক হতে হবে।

বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন পূর্বানুমানযোগ্য করব্যবস্থা, সাশ্রয়ী জ্বালানি, দক্ষ শুল্ক প্রক্রিয়া, চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং বৈধ মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার নিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতার বিনিময়ে অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষা দেওয়া পাকিস্তানের বন্ধ করতে হবে।

মানবসম্পদ: অর্থনৈতিক বিনিয়োগের ঘাটতি

জাতীয় উৎপাদনশীলতা না বাড়িয়ে কোনো আর্থিক সংস্কার সফল হতে পারে না। পাকিস্তানের তরুণ জনগোষ্ঠী বিশাল অর্থনৈতিক সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। তবে অপর্যাপ্ত শিক্ষা, দুর্বল কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্য খাতে অপর্যাপ্ত বিনিয়োগ এবং শ্রমবাজারে নারীদের কম অংশগ্রহণ প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে ঐচ্ছিক বাজেট ব্যয় হিসেবে নয়, উৎপাদনশীল বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে। কৃষির আধুনিকায়ন, পানির দক্ষ ব্যবহার, প্রযুক্তিগত অগ্রগতি এবং জলবায়ু সহনশীলতাকেও বেশি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

অধিক শিক্ষিত, দক্ষ ও উৎপাদনশীল কর্মশক্তি উচ্চ আয়, শক্তিশালী ভোগব্যয়, বেশি রপ্তানি এবং শেষ পর্যন্ত টেকসইভাবে উচ্চতর কর রাজস্ব সৃষ্টি করে।

করদাতা নয়, রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কারই পথ

পাকিস্তানের প্রয়োজন রাষ্ট্র ও নাগরিকদের পারস্পরিক দায়িত্বের ভিত্তিতে একটি নতুন আর্থিক সমঝোতা। সরকারকে ব্যয় নিয়ন্ত্রণ, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া, লোকসানি প্রতিষ্ঠান পুনর্গঠন, যৌক্তিক জ্বালানির মূল্য নির্ধারণ এবং অযৌক্তিক সুযোগ-সুবিধা বিলুপ্ত করার অঙ্গীকার করতে হবে।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নথিভুক্ত লেনদেন ও প্রকৃত কর পরিপালনের মাধ্যমে ন্যায্যভাবে কর দিতে হবে। রাজস্ব আহরণ এবং ব্যয়ের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে প্রাদেশিক সরকারগুলোকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।

বৃত্তাকার ঋণ কমানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পুনর্গঠন, করের ভিত্তি সম্প্রসারণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের স্বাধীনভাবে পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত।

প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ ও অসচ্ছল পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখতে হবে। তবে এসব কর্মসূচিকে ক্রমবর্ধমানভাবে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে যুক্ত করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর্থিক নীতিকে একটি সংকুচিত অর্থনীতি থেকে আরও বেশি রাজস্ব আদায়ের প্রবণতা থেকে সরিয়ে অর্থনীতির সম্পদ সৃষ্টির সক্ষমতা বাড়ানোর দিকে নিতে হবে।

উপসংহার: আগে বন্ধ করতে হবে রাজস্বের অপচয়

টেকসই সমৃদ্ধি অর্জনের জন্য পাকিস্তানের উদ্যোক্তা সক্ষমতা, প্রাকৃতিক সম্পদ, কৃষির সম্ভাবনা, ভৌগোলিক সুবিধা এবং মানবসম্পদের কোনো ঘাটতি নেই। যে বিষয়টির অভাব রয়েছে, তা হলো এমন একটি নীতিকাঠামো, যেখানে প্রাতিষ্ঠানিক বিশেষ সুবিধার চেয়ে উৎপাদনশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

একটি দেশ অনির্দিষ্টকাল ধরে অদক্ষতা বজায় রাখতে ঋণ নিতে পারে না, প্রতিযোগিতামূলক শিল্পকে অতিরিক্ত করের চাপে দুর্বল করতে পারে না, ব্যয়বহুল জ্বালানি চুক্তি বহাল রেখে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির প্রত্যাশাও করতে পারে না। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনীয়। কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া এ স্থিতিশীলতা বারবার ফিরে আসা সংকটের মধ্যবর্তী আরেকটি সাময়িক বিরতি মাত্র।

আর্থিক সংস্কারের প্রকৃত সাফল্য নির্ধারিত হওয়া উচিত সরকার করদাতাদের কাছ থেকে অতিরিক্ত কত রাজস্ব আদায় করল, তা দিয়ে নয়। বরং কতটা অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারল, কতটা বিনিয়োগ আকর্ষণ করতে পারল, কত কর্মসংস্থান সৃষ্টি করতে পারল এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড কতটা সম্প্রসারণ করতে পারল, তা দিয়ে।

পাকিস্তানের রাজস্বসংকট মূলত অগ্রাধিকারের সংকট। নিজেদের প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ আর্থিক অপচয় উপেক্ষা করে সরকারকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রাজস্বের অফুরন্ত উৎস হিসেবে বিবেচনা করা বন্ধ করতে হবে। আগে রাজস্বের অপচয় বন্ধ করুন। অপচয় কমান, বিশেষ সুযোগ-সুবিধা বিলুপ্ত করুন, সংরক্ষণবাদী বাধা দূর করুন, জ্বালানিকে সাশ্রয়ী করুন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিকভাবে কাজ করা, বিনিয়োগ করা, সমৃদ্ধ হওয়া ও জাতীয় কোষাগারে আরও বেশি অবদান রাখার সুযোগ দিন।

তথ্যসূত্র: tribune

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top