পিরোজপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৬১, হাসপাতালে ভর্তি ১৯৪!

পিরোজপুরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৪ জন।
 গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬১ জনের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে বেসরকারি হাসপাতালে কোনো রোগী ভর্তির খবর জানা যায় নি। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৯ জন রোগী ভর্তি হয়েছেন পিরোজপুর সদর হাসপাতালে। এ ছাড়া ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, নাজিরপুরে সাতজন, নেছারাবাদে ছয়জন, মঠবাড়িয়ায় ছয়জন, কাউখালীতে চারজন এবং জিয়ানগরে চারজন ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত পিরোজপুর সদর হাসপাতালে ১ হাজার ৪৯৫ জন, নাজিরপুরে ৩৩৬ জন, নেছারাবাদে ৬০৯ জন, কাউখালীতে ২৪৪ জন, ভান্ডারিয়ায় ৬৮৬ জন, মঠবাড়িয়ায় ১৬৫ জন এবং জিয়ানগরে ৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৪২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৯৪ জনের মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৬৩ জন, নাজিরপুরে ৩৪ জন, নেছারাবাদে ৩২ জন, কাউখালীতে ১৬ জন, ভান্ডারিয়ায় ৩৬ জন, মঠবাড়িয়ায় ছয়জন এবং জিয়ানগরে সাতজন রয়েছেন।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জ্বর, তীব্র মাথাব্যথা, শরীরব্যথা বা ডেঙ্গুর সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top