জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টায় কটিয়াদী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
সভায় ১৬ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি, সমন্বয় ও অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। সফরকে ঘিরে দলীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কটিয়াদী ও পাকুন্দিয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।




