প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় বাগেরহাটে মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে রোববার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বের কারণে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, অভিযোগের পর এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।



