‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে জার্মান রেড ক্রস ও সুইস রেড ক্রসের সহায়তায় বগুড়া রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে দুর্যোগ প্রস্তুতিবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য এ. কে. এম. তৌহিদুল আলম মামুন, এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল, মো. আবিদুর রহমান সোহেল, মো. মাহফুজুল হক ও রাশেদা খাতুন রানী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের ইউনিট লেভেল অফিসার শিকদার রাহাত ইসলাম, সুইস রেড ক্রসের প্রতিনিধি অমল কুমার প্রামাণিক, যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি মো. ইমন বাবু এবং যুব রেড ক্রিসেন্টের প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মানবিক সংস্থা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা রাখে।
দুর্যোগ মোকাবিলায় শুধু দুর্যোগের সময় সাড়া দেওয়াই যথেষ্ট নয়; বরং আগাম প্রস্তুতি, ঝুঁকি চিহ্নিতকরণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা জরুরি। এ লক্ষ্যে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিট ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে কার্যক্রম অব্যাহত রাখবে।




