বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন নওগাঁর মান্দা উপজেলার দুই জনপ্রতিনিধি।
সংগঠনের ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলমকে অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পৃথক এক চিঠিতে তাঁদের এই দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে জাতীয় পর্যায়ের ঐতিহ্যবাহী এই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলকে এক উষ্ণ সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে প্রসাদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি পরিবারের পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ অভিনন্দন জানান পরিষদের কর্মকর্তা, কর্মচারী, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা। ফুল দিয়ে বরণের পাশাপাশি শুভেচ্ছা জ্ঞাপন শেষে পরিষদের প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক সৌজন্য কুশল বিনিময় করেন চেয়ারম্যান মতিন মন্ডল।
তৃণমূলের জনপ্রতিনিধিদের অধিকার আদায় ও প্রতিনিধিত্বকারী জাতীয় পর্যায়ের এই সংগঠনে উপজেলার দুই জনপ্রিয় জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় মান্দার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা গভীর উচ্ছ্বাস প্রকাশ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল রূপ নেবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন পরিষদের প্রতিনিধিরাসহ উপস্থিত সুধীজন।




