সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে বাড়ি বিক্রির ১২ লাখ টাকার জের ধরে মির্জা আবুল মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাতিজা মির্জা টিটু মিয়ার বিরুদ্ধে।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি বিক্রির টাকা পরিশোধ ও ঘরের কাজ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বাকবিতণ্ডার একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবুল মিয়া। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বালাগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




