শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার বেতাগী সদর ইউনিয়নের জোবখালী ৪ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরের উন্নয়ন ও পূজা উদযাপনের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পূজা উদযাপনবিষয়ক মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন ২ নম্বর বেতাগী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন তালুকদার। মন্দিরের সভাপতি জয়দেব চন্দ্র চেকটি গ্রহণ করেন।
চেক গ্রহণকালে মন্দিরের সভাপতি জয়দেব চন্দ্র বলেন, অনুদানের পুরো অর্থ মন্দিরের উন্নয়ন ও পূজা উদযাপনের কাজে ব্যয় করা হবে। এ অনুদানের ফলে এবারের দুর্গাপূজা আরও আনন্দমুখর ও উৎসবময় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার, বেতাগী উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুর রহমান নান্না খান এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
অনুদান প্রদানের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন তালুকদার বলেন, “আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমার ইউনিয়নের সব ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করবেন—এটাই আমার প্রত্যাশা। সবাই যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই অনুদান প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”



