পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বিজিবি। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় তাদের আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির টহল দল।
আটকরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার দুই ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসির নগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও তিনজন পালিয়ে যান।
প্রাথমিকভাবে জানা গেছে, কাজের সন্ধানে ওই তরুণেরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
পরে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। চারজনকে আটক করা হয়েছে। তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি সদা তৎপর রয়েছে। টহল দল ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করে যাচ্ছে।



