ময়মনসিংহে দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ শিবিরুল ইসলাম।
রবিবার (৪অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় নগরীর দুর্গাবাড়ি কেন্দ্রীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শহরের যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে আজান ও নামাজের সময় পূজার কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান ওসি শিবিরুল ইসলাম। সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক টুটুল ভট্টাচার্য এর সভাপতিত্বে ও
সদস্য সচিব বিজয় মিত্র শুভ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব সহ আলোচনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ জেলার সভাপতি দেবব্রত দাস দুকুল, মহানগর পূজা উদযাপন ফ্রন্ডের আহবায়ক পার্থসারথি সিংহ আপেল।
মতবিনিময়কালে ময়মনসিংহ সিটির ৩৩ ওয়ার্ডসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওসি শিবিরুল ইসলামের সঙ্গে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ময়মনসিংহ নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এবং পূজারী ও পূজা উদযাপন কমিটিগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওসি আরও বলেন-
দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা তৈরি, মণ্ডপে আনয়ন এবং বিসর্জন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে বিশেষ নিরাপত্তা নজরদারির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।




