বাগেরহাটের মোংলায় হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে অন্তত ১৭ জন হামে আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা ওঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ৩ জন হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে এক শিশু চিকিৎসাধীন রয়েছে। ডা. শাহীন আরও জানান, সচেতনতাই হামের ঝুঁকি কমাতে পারে। আক্রান্ত শিশুদের তরল খাবার খাওয়ানো এবং ঠান্ডা স্থানে রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি ২ বছর বয়সীদের দ্রুত নিকটস্থ কেন্দ্র থেকে হামের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, সেবার মান পর্যবেক্ষণে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন এএসএম মাহাবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল প্রমুখ। প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












