রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে। পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হাজী মো. নুরনবী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের মাঝে অনুদান বিতরণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top