নভেম্বরে ভারতের শেয়ারবাজারে ৯৫৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা যেকোনো এক মাসের হিসাবে রেকর্ড। অপরিশোধিত তেলের দাম কমে আসা, কোম্পানিগুলোর আয় স্থিতিশীল থাকা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট বৈশ্বিক শেয়ার থেকে বিনিয়োগকারীদের সরে আসার প্রেক্ষাপটে ব্যাপক বিক্রির প্রবণতা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় শেয়ারবাজার।
চলতি মাসে এখন পর্যন্ত ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। এতে গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে দেশটির প্রধান দুই শেয়ারবাজার সূচক।
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবারের লেনদেন শেষে চলতি মাসে ভারতের শেয়ার ও অভ্যন্তরীণ বন্ড বাজার মিলিয়ে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ এসেছে ১ হাজার ৩৩ কোটি ডলার।
এর আগে উচ্চ করপোরেট মূল্যায়ন, এআই-সংশ্লিষ্ট বিনিয়োগের সুযোগের অভাব এবং তেলের উচ্চমূল্যের কারণে বিদেশি বিনিয়োগকারীরা ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে ১ হাজার ৮৯১ কোটি ডলার এবং চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৩ হাজার ১৪১ কোটি ডলারের বিনিয়োগ তুলে নিয়েছিলেন। সেই প্রবণতা থেকে ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে নভেম্বরে রেকর্ড পরিমাণ শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে চলতি বছরে ভারতীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের নিট বিক্রির পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ কোটি ডলারে।
বিদেশি বিনিয়োগের এই প্রবাহ ভারতীয় শেয়ারবাজারের সঙ্গে আঞ্চলিক অন্যান্য বাজারের পারফরম্যান্সের ব্যবধান কমাতে সহায়তা করেছে। তবে নিফটি ৫০ সূচক চলতি বছর এখনো ৩ দশমিক ২ শতাংশ নিম্নমুখী। ফলে এশিয়ার সবচেয়ে খারাপ পারফরম্যান্স করা বাজারগুলোর মধ্যে রয়েছে ভারত।
সিটিগ্রুপ, এইচএসবিসি ও গোল্ডম্যান স্যাকসসহ বিভিন্ন ব্রোকারেজ প্রতিষ্ঠান ভারতীয় শেয়ারবাজার নিয়ে আশাবাদী হয়ে উঠেছে। এর পেছনে রয়েছে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো এআইনির্ভর বাজার থেকে বিনিয়োগকারীদের সরে এসে অন্য বাজারে বিনিয়োগের প্রবণতা।
গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এইচএসবিসির বিশ্লেষকেরা বলেন, ‘আমরা ঋণপ্রবৃদ্ধির শক্তিশালী ধারা, কোম্পানিগুলোর আয় স্থিতিশীল থাকা এবং প্রবৃদ্ধি ও মুদ্রার বিনিময় হারকে সহায়তা করে এমন বিভিন্ন পদক্ষেপ দেখতে পাচ্ছি।’
প্রতিবেদনে এইচএসবিসির বিশ্লেষকেরা আরও বলেন, এশিয়ার যেসব বাজার এআই সংশ্লিষ্ট শেয়ারের ওপর নির্ভরশীল, সেগুলোর তুলনায় ভারত বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনার সুযোগ এবং কম অস্থিরতা প্রদান করছে। বিশ্লেষক দলের নেতৃত্বে ছিলেন হেরাল্ড ভ্যান ডার লিন্ডে।
তবে এই ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখতে হলে ভারতের শেয়ারবাজারের উচ্চ মূল্যায়নের যৌক্তিকতা বজায় রাখতে ধারাবাহিক আয়প্রবৃদ্ধি প্রয়োজন বলে মনে করেন স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ কৌশলবিদ অ্যাঞ্জেলা ল্যান।
নিফটি ৫০ সূচকভুক্ত শেয়ারগুলোর আগামী ১২ মাসের সম্ভাব্য আয়ের ১৯ গুণ মূল্যায়নে লেনদেন হচ্ছে। এশিয়ার অন্যান্য বাজার এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর শেয়ারবাজারের তুলনায় এই মূল্যায়ন বেশি।
আর্থিক খাতের শেয়ারে ভর করে ঊর্ধ্বগতি
নভেম্বরে ভারতের শেয়ারবাজারে বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। এ সময়ে আর্থিক সেবা খাতের সূচক, ব্যাংক খাতের সূচক, বেসরকারি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর সূচক ১১ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
নিফটি ৫০ সূচকে সবচেয়ে বেশি ওজনের শেয়ার এইচডিএফসি ব্যাংকের দাম বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। এতে চলতি বছরের শুরু থেকে শেয়ারটির যে দরপতন হয়েছিল, তা অনেকটাই কমেছে। অন্যদিকে ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় আইসিআইসিআই ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। এতে ঋণপ্রবৃদ্ধির উন্নতি এবং মুনাফার ব্যবধানের ওপর চাপ কমার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
ম্যাথিউজ এশিয়ার পোর্টফোলিও ব্যবস্থাপক পীযূষ মিত্তাল বলেন, ঋণপ্রবৃদ্ধি বাড়তে থাকা এবং মুনাফার ব্যবধানের ওপর চাপ কমে আসায় আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধাজনক অবস্থানে রয়েছে। একইভাবে অভ্যন্তরীণ ভোগনির্ভর কোম্পানি এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) সংশ্লিষ্ট গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোরও ভালো সম্ভাবনা রয়েছে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি মাসে অটোমোবাইল খাতের সূচক বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। বড় প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম নভেম্বরে বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। এসইউভির চাহিদা স্থিতিশীল থাকায় প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক মুনাফা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
তথ্যসূত্র: রয়াটার্স




