লালপুরে পদ্মার চরাঞ্চলে পানিবন্দী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর ও দিয়ার শংকরপুর চর এলাকায় গিয়ে পানিবন্দী ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট প্রমূখ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের টানা পানি বৃদ্ধিতে পদ্মার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে ও নদীভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া প্রায় ৫০২ হেক্টর জমির ফসল ও সবজি পানিতে তলিয়ে গেছে। অনেক বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী মানুষের দুর্ভোগের পাশাপাশি নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।




