নাটোরের লালপুর উপজেলায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মাধবপুর ঠাকুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনায় ট্রাক চালক বেলাল (২২), পিতা আকমল, সাং সরাবাড়ি, আটঘরিয়া, পাবনা হেলপার আরিফ (২৬), পিতা ইয়াব আলী, সাং পারথিদিয়া এবং মাইক্রোচালক শাকিল (৩০), পিতা আব্দুল আজিজ, সাং বেলগাছি, চুয়াডাঙ্গা—তারা কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর মঞ্জিল পুকুর এলাকা থেকে রংপুরগামী ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৭) এবং ঈশ্বরদী দিক থেকে রাজশাহীগামী একটি কালো রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৯৬৬২) ঠাকুর মোড়ে টার্ন নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটির সামনের বাম্পার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পাশাপাশি লালপুর ফায়ার সার্ভিসের একটি দলও সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “ঠাকুর মোড় এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




