শেয়ার করুন

শহরের কোলাহল থেকে দূরে, এখনো মাটির টানেই বাঁচে গ্রামের মানুষ

ভোরের আজানের সাথে সাথেই ঘুম ভাঙে গ্রামের মানুষের। শহরের মতো যানজট আর শব্দ দূষণ নেই, নেই ব্যস্ততার কৃত্রিমতা। আছে মাটির গন্ধ, পাখির ডাক আর মানুষে আত্মার টান। এমনই সহজ-সরল জীবনযাত্রায় বেঁচে আছেন মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ও ৭নং গাগলাজুর ইউনিয়নসহ হাওরাঞ্চলের গ্রামের মানুষ।
সকালে দেখা যায়, কৃষক মাথায় গামছা বেঁধে গরু নিয়ে মাঠে যাচ্ছেন, নারীরা উঠোন ঝাড়ু দিয়ে চুলায় ভাত বসাচ্ছেন। দুপুরে রাখালের বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে মাঠ-ঘাট। বিকেলে শিশুরা দল বেঁধে খেলে ফুটবল, ক্রিকেট, গোল্লাছুট, আর বয়স্করা বটতলায় বসে সুখ-দুঃখের গল্প করেন।
এই গ্রামের মানুষের চাহিদা খুব বেশি নয়। একটু ভালো ফসল, ছেলে-মেয়ের লেখাপড়া আর অসুখে একটু চিকিৎসা পেলেই তারা খুশি। তাদের আনন্দ-বেদনা সবকিছুই প্রকৃতিকে ঘিরে। বর্ষায় হাওরের ঢেউ, শীতের কুয়াশা আর বসন্তের নতুন ধানই তাদের জীবনের উৎসব।
তবে এই সহজ জীবনেও এখন লেগেছে পরিবর্তনের ছোঁয়া। অনেকের হাতে স্মার্টফোন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। তরুণরা কৃষির পাশাপাশি বিদেশে যাচ্ছে, কেউ কেউ ইউটিউব-ফেসবুকে নিজেদের গল্প তুলে ধরছে।
সমাজ সহিলদেও গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী আমিনুল হক বলেন, “আগে আমরা হারিকেন দিয়া চলতাম, এখন ঘরে কারেন্ট। আগে খালি পায়ে হাঁটতাম, এখন পোলাপান মোটরসাইকেল চালায়। কিন্তু মনের মিলডা আগের মতোই আছে। একজন বিপদে পড়লে পুরা গ্রাম ঝাঁপাইয়া পড়ে। এইডাই গ্রামের শান্তি।”
অভাব-অনটন থাকলেও আতিথেয়তা আর ভালোবাসায় গ্রামের মানুষ এখনো শহরের চেয়ে অনেক এগিয়ে। তাদের এই মাটির কাছাকাছি জীবনই আমাদের শেকড়কে মনে করিয়ে দেয়।
হামিমুর রহমান চৌধুরী
মোহনগঞ্জ, নেত্রকোনা
১২/১০/২০২৬

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top