মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর পৈত্রিক বাসভবন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার বহুমাত্রিক কর্মজীবন ও আদর্শ তুলে ধরে বলেন, “শহীদ জিয়ার দর্শনই দেশের আপামর জনসাধারণের মূল প্রেরণা। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদান অবিস্মরণীয়।” এ সময় তিনি দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে আয়োজিত দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ঘোষিত ছয় দিনব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এই আয়োজন করে। আলোচনা ও দোয়া মাহফিল ছাড়াও এদিন জেলা ছাত্রদলের পক্ষ থেকে পৈত্রিক বাসভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।












