শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হেমায়েতপুর, সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো।

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বিজিবি মোতায়েন ও সার্বিক পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার সকাল থেকেই ন্যূনতম মজুরির দাবিতে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এতে শ্রমিকরা পিছু হটে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। দফায় দফায় চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও ভেতরে ভেতরে অসন্তোষ দেখা গেছে। সকালে আশুলিয়ার হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আশুলিয়া এলাকার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, আশুলিয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে হেমায়েতপুরের সার্বিক বিষয়টির তথ্য আমার জানা নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top