সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হীরা মিয়াসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান, তার ভাই ও রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম এবং জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ। তবে মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। তাদের মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত তরিকুল ইসলামের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ ১৭ বছর ধরে চলা মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।




