স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই: রাশেদ খান

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। বিএনপির রাজনীতি করলে দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য উপজেলার সব সরকারি দপ্তরের প্রবেশপথে অভিযোগ বাক্স স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেউ হিংসা বা ব্যক্তিগত বিরোধের কারণে মিথ্যা অভিযোগ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারিভাবে নিজ জেলায় সফরের অংশ হিসেবে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে রাশেদ খান আরও বলেন, এলাকার উন্নয়নে বিরোধী দল বা স্থানীয় জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তিনি পরাজিত হয়েছিলেন। এতে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুল করা নেতাকর্মীদের ফিরে এসে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলকে আরও সুসংগঠিত করতে তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন।
এ সময় মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন মোল্ল্যা, মশিয়ার রহমানসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জয়দেবপুর রেলগেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযান

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত জয়দেবপুর রেলগেট এলাকায়