হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক পৃথক অভিযানে সোয়া দুই লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মদ এবং বাংলাদেশী রসুন জব্দ।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাকমারাছড়া এবং সাতছড়ি বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় মদ এবং ৮২ কেজি বাংলাদেশী রসুন জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় মদ এবং রসুনের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা বলে ধারনা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল আজ( ০৭ অক্টোবর ২০২৬ ইং)তারিখ দুপুর ০৩টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার সীমান্তবর্তী কাদালংকা নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা তল্লাশি করে বস্তার মধ্যে কার্টুনভর্তি মালিকবিহীন অবস্থায় ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অপরদিকে, ৫৫ বিজিবির অধীনস্থ কাকমারাছড়া বিওপির টহলদল গত (০৬ অক্টোবর ২০২৬) তারিখ রাত ১০ টায় কাকমারাছড়া সীমান্তবর্তী এলাকার রাবার বাগানের মধ্যে টহল পরিচালনার সময় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশী রসুন জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং বাংলাদেশী রসুন বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




