হাসিনা আসতে পারেন তবে প্রতিটি হত্যার বিচার হবে : রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা নিজের দেশের মানুষের রক্ত ঝরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন, আর জনগণ তা মেনে নেবে না। হাসিনা আসতে পারেন তবে প্রতিটি হত্যার বিচার হবে। মতামতকলাম পড়ুন

তিনি বলেন, মানুষের ভেতরে ভেতরে যে ক্ষোভ জমে উঠেছিল, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাও ছিল ৭ নভেম্বরের চেতনা। গতকাল রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা নিজের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ তা মেনে নেবে। এটা কোন দিনই সম্ভব নয়। এত মানুষের রক্ত ঝরিয়ে, এত নির্যাতন চালিয়ে নির্মম ও নিষ্ঠুরভাবে দেশ পরিচালনা করেছেন যিনি, তিনি এখন বলছেন, ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। কিন্তু এ দেশের মানুষের চোখের সামনে এখনও ভাসছে সেই তরতাজা শিশু-কিশোর ও তরুণদের মুখ, যারা বুক পেতে বুলেট গ্রহণ করেছিলেন। শেখ হাসিনা হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে আসবেন, সবাই ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাবে এটি কি কখনও সম্ভব? বাংলার মাটি বীরের মাটি। এই মাটি বহু বীরের জন্ম দিয়েছে। তিনি বলেন, আধিপত্যবাদী শক্তি এবং তাদের এ দেশীয় অনুচররা যতই চেষ্টা করুক, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশকে কখনও আধিপত্যবাদের থাবার মধ্যে নিয়ে আসা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কতবার প্রবেশের চেষ্টা করেছে! মার খেয়েছে, ফিরে গেছে। আবার এসেছে, আবার মার খেয়েছে, আবার ফিরে গেছে। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এই হামলা, তাদের শরীর থেকে ঝরে পড়া রক্ত কখনও বৃথা যায়নি। সারা দেশের মানুষ এসব ঘটনা পর্যবেক্ষণ করেছে। তাদের শরীর থেকে যে রক্ত ঝরেছে, তা এ দেশের অনেক তরুণ এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা সৃষ্টি করেছে। মানচিত্রদেখুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া সভায় আরো বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এ দেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। ২০২৪ সালের ৫ আগস্টের পেছনে প্রেরণা ছিল ৭ নভেম্বর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা দেশের স্বাধীনতাকে অন্য একটি দেশের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তখন যারা প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি বলে প্রতিবাদ করেছিলেন তাদেরকে রক্ষীবাহিনী গঠন করে হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালে ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে জনগণ ও সৈনিকরা রাস্তায় নেমে আসে। ৭ নভেম্বর ছিল সৈনিক-জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সমর্থনে নেতৃত্ব গ্রহণ করে দেশে রাজনৈতিক বহুত্ববাদ ও গণতান্ত্রিক অংশগ্রহণের পথ উন্মুক্ত করেন। সে সময়ে অসংখ্য টেলিভিশন ও সংবাদপত্র চালু হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পায়। জিয়াউর রহমানের সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন উদ্যোগের ফলে অর্থনীতিতে সমৃদ্ধি আসে। কলকারখানার উৎপাদন আবার সচল হয়। এ সময়ে গ্রাম পুলিশ ও মহিলা পুলিশ ব্যবস্থা চালু হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে। ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানুষ একইভাবে অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের আগে দেশে ১৭ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে। এ সময়ে গুম, খুন ও গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল। মতামতকলাম পড়ুন

অনুষ্ঠানে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রুহুল কবির রিজভী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top