শেয়ার করুন

১০ পুলিশ নিহতের পর পাকিস্তানে সোনা উত্তোলন বন্ধ, জঙ্গি অর্থায়নের অভিযোগ

পাকিস্তানে অবৈধভাবে সোনা উত্তোলনের মাধ্যমে অর্জিত অর্থ কি সন্ত্রাসবাদে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে? খাইবার পাখতুনখোয়ার গভর্নর অভিযোগ করেছেন, সোনা উত্তোলন থেকে অর্জিত কোটি কোটি রুপি জঙ্গি তৎপরতায় ব্যয় করা হচ্ছে। তাঁর এই অভিযোগের পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

গভর্নর ফয়সাল করিম কুন্দি দাবি করেছেন, প্রদেশটির কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি সোনা উত্তোলন করা হচ্ছে, যার মূল্য ৪২০ কোটি রুপি। এই অর্থের প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে চলে যাচ্ছে।

তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ জন জঙ্গি নিহত হওয়ার কয়েক দিন পর এসব অভিযোগ সামনে আসে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কুন্দি ঘোষণা দিয়েছেন, খাইবার পাখতুনখোয়া জুড়ে সব ধরনের খনন কার্যক্রম স্থগিত করা হবে এবং সোনা উত্তোলনের সব ইজারা বাতিল করা হবে।

ইজারাদার ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনন এলাকাগুলো থেকে ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোনা উত্তোলনের সঙ্গে জঙ্গি তৎপরতার কথিত যোগসূত্র কী? গভর্নরের দাবি, অবৈধভাবে খনন পরিচালনাকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পেতে জঙ্গি গোষ্ঠীগুলোকে নিরাপত্তার নামে অর্থ দিয়ে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে ওই অর্থ সন্ত্রাসবাদ এবং পাকিস্তানবিরোধী অন্যান্য কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহার করা হয়েছে।

কুন্দি বলেন, অবৈধভাবে সোনা উত্তোলনের কার্যক্রমে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক যুক্ত রয়েছেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, ১০ বছর মেয়াদি একটি খনির ইজারা ৪৯২ কোটি রুপিতে কীভাবে দেওয়া হলো, যেখানে কথিতভাবে প্রতি মাসে উত্তোলিত সোনার মূল্যই প্রায় ৪২০ কোটি রুপি।

গভর্নরের এসব দাবি খনিজ সম্পদের তদারকি এবং খনন থেকে অর্জিত রাজস্ব সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে।

কোহাটে কী ঘটেছিল?

অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এ ধরপাকড় শুরু হয়। সেখানে পুলিশ ও স্থানীয় প্রশাসন অবৈধ সোনা উত্তোলন বন্ধে অভিযান চালায়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অভিযান শেষে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় জঙ্গিরা।

এতে ১০ পুলিশ সদস্য নিহত হন। পরবর্তী সংঘর্ষে ১৮ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কুন্দি অভিযোগ করেন, হামলাকারীদের সঙ্গে অবৈধভাবে খনন কার্যক্রমে জড়িত ব্যক্তিদের যোগসূত্র রয়েছে।

তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

রাজনৈতিক ব্যক্তিরা কি জড়িত ছিলেন?

কোহাটের এ ঘটনায় ১২ জন রাজনৈতিক ব্যক্তিত্বের মদদ ছিল বলেও অভিযোগ করেছেন গভর্নর।

তাঁর নাম উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শহরিয়ার আফ্রিদি ও খুররম জিশান।

তবে কুন্দি স্বীকার করেছেন, তাঁর চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো পুলিশি মামলা করা হয়নি।

এ ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।

এরপর কী ঘটবে?

অবৈধভাবে সোনা উত্তোলন ও কোহাটের ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন কুন্দি।

এ ছাড়া নিহত পুলিশ সদস্যদের একজন ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন তিনি।

গভর্নর বলেন, অবৈধ খনন কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রদেশের খনিজ সম্পদ সুরক্ষিত রাখা হবে।

এখন তদন্তের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সোনা উত্তোলন থেকে অর্জিত অর্থ জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে যাওয়ার যে অভিযোগ উঠেছে, তা প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি না এবং এ ক্ষেত্রে কেউ জড়িত থাকলে কারা তাদের সহায়তা করেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top