৫ হাজার মানুষের চক্ষু চিকিৎসা করালেন ডা. জুবাইদা রহমান

পরিবারের অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। আর্থিক সীমাবদ্ধতায় অনেকে ছানি ও দৃষ্টি শক্তিজনিত সমস্যায় ভুগছেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য মানবিক দায়বদ্ধতা থেকে বৃহত্তর জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসায় বিনামূল্যের মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি রোগীরা বিনামূল্যে ওষুধ, চশমাসহ অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বগুড়ার প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। ডা. জুবাইদা রহমানের উদ্যোগে একদিনের ক্যাম্পে চক্ষু পরীক্ষা, পরামর্শসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেন চিকিৎসকরা। বগুড়া পৌর হাইস্কুল এন্ড কলেজে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার নারী পুরুষ ভিড় করে।
জানা গেছে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। রোগীদের মধ্যে ছানি ও দৃষ্টি শক্তিজনিত সমস্যায় থাকা ৫শ’ জনকে অস্ত্রোপচার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাদেরকে বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন করার জন্য বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে অস্ত্রোপচার ব্যবস্থা করা হয়।
চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর (বাংলাদেশ সেক্টর) আহমেদ তাহের হামিদ আলী। এসময় রোগীদের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি চশমা বিতরণ করা হয়। ক্যাম্পের কার্যক্রম ঘুরে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে সার্বিক কার্যক্রম তদারকি করছেন জেলা বিএনপির নেতারা।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, প্রবীণ নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ,  আমিনুল হক দেওয়ান সজল, ডা. ইউনুস আলী, আলনুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফ্রী ক্যাম্পিং ম্যানেজার মো. ওবায়দুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্প করা হয়। বিভিন্ন মানবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন