রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে বিভিন্ন সড়ক। এসব সড়ক সংস্কার না করে চলতি অর্থবছরে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এডিপি অর্থায়নের আওতায় আরসিসি ড্রেনসহ নতুন সড়ক নির্মাণ কাজ শুরু করা হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কছিমদ্দিনপাড়া এলাকায় দাখিল মাদ্রাসার পেছনের আরসিসি ঢালাই রাস্তা ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এলাকাবাসীর দাবি, রাস্তাটি ছিল যথেষ্ট মজবুত এবং আরও ১০-১৫ বছর ব্যবহারযোগ্য ছিল। কিন্তু সেই ভালো রাস্তা ভেঙে পুনরায় নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, পূর্বে নির্মিত রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এ সমস্যার সমাধানে এলাকাবাসী লিখিত আবেদন করলে পৌরসভা ড্রেনসহ নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। তবে শুরু করা কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এখন রাস্তা কেটে ফেলে রাখার কারণে চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
তারা অভিযোগ করেন, “ভালো একটি রাস্তা ভেঙে ফেলে রেখে দিয়েছে। না হচ্ছে পুরাতন রাস্তা, না হচ্ছে নতুন রাস্তা। এতে আমাদের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান জানান, “সড়কটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত এবং বিভিন্ন স্থানে ভেঙে খানাখন্দ তৈরি হয়েছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আগের প্রশাসক ড্রেনসহ রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছেন। এখানে প্রায় ১৯৮ মিটার আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণে প্রায় ৪৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।”
তবে কাজের ধীরগতিতে জনদুর্ভোগ বাড়ছে বলে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।












