উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র ও প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া। যেখানে আধুনিকতার নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করছে পাঁচতারকা হোটেল ‘দ্য রয়্যাল প্যালেস’। জেলার ক্রমবর্ধমান উন্নয়ন ও বিনিয়োগের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই প্রকল্পটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সমাদৃত হচ্ছে।
হোটেলটির অবস্থান সম্পর্কে জানা গেছে, বগুড়া জিরো পয়েন্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে সান্তাহার রোডে, নবনির্মিত বগুড়া বিমানবন্দরের সন্নিকটে এটি নির্মাণ করা হবে। এই কৌশলগত অবস্থানের ফলে পর্যটক, ব্যবসায়ী ও ভ্রমণকারীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত ‘দ্য রয়্যাল প্যালেস’-এ থাকছে আন্তর্জাতিক মানের কক্ষ, অত্যাধুনিক কনফারেন্স হল, সুইমিং পুল, জিমনেসিয়াম ও উন্নত মানের রেস্টুরেন্টসহ সব ধরণের বিলাসবহুল সুবিধা। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পর্যটন ও বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
স্থানীয় সুধীসমাজ ও ব্যবসায়ীদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক মানের সেবা বগুড়ার অর্থনীতিকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবে। খুব দ্রুতই প্রকল্পটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।