ঈদ-উল আজহার ছুটিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক পাঁচটি দুর্ঘটনায় চারজন নিহত ও দশজন আহত হয়েছেন।
সর্বশেষ রবিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গৌরনদীর তাঁত বোর্ডের সামনের মহাসড়কে বেপরোয়াগতির অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় হিমেল সরদার (২০) নামের এক মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছেন। তাকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।
এরপূর্বে গত ২৬ মে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকায় দুর্ঘটনায় মা-বাবার সাথে তাদের একমাত্র শিশু মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়াও ৩০ মে আরেক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পাশাপাশি পৃথক আরো কয়েকটি দূর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন।
বিভিন্ন তথ্যের ভিত্তিত্বে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, প্রেম-ভালবাসার পর পালিয়ে বিয়ের করার চার বছর পর স্ত্রী ও ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঈদযাত্রায় গত ২৬ মে বাড়ি ফিরছিলেন উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯)। পথিমধ্যে দুপুরে সাড়ে বারোটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে যানজটের কারনে মোটরসাইকেল থামিয়ে রাখেন। এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং শিশু কন্যা জান্নাত আক্তার নিহত হয়।
অপরদিকে ৩০ মে বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহানাফ পরিবহনের ধাক্কায় উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) নিহত হয়েছেন।
পৃথক দূর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।












