চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত এক বর্ণাঢ্য বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী সূচনা।
অনুষ্ঠানের শুরুতেই কেএফটি কলেজিয়েট স্কুলের গার্লস গাইড ও রেড ক্রিসেন্ট সদস্যরা অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা পর্বে বক্তারা শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, ইভটিজিং ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান একটি মনোমুগ্ধকর একক সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। পরে কেএফটি কলেজিয়েট স্কুলের নৃত্যদল মনোরম নৃত্য পরিবেশন করে দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত কনসার্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিকেলব্যাপী অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচেতন, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
ক্যাপশন: অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও কেএফটি কলেজিয়েট স্কুলের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।












