জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসে নামজারি (মিউটেশন) করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং বেআইনিভাবে অন্যের নামজারি সংক্রান্ত নথিপত্র নিজের কাছে রাখার অভিযোগে রফিকুল ইসলাম রবিন (৪৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে নথিপত্রসহ হাতেনাতে আটক করা হয়। জানা যায়, রফিকুল ইসলাম রবিন নামজারি আদায় করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করতেন এবং বিভিন্ন ব্যক্তির নামজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।
আটকের পর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় রফিকুল ইসলাম রবিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়ন এর কাঠারবিল এলাকার বাসিন্দা। তিনি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে অতিরিক্ত অর্থের বিনিময়ে অন্যান্য নামজারি আদায়ের কথা বলে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিত বলে জানা যায়। ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে লেনদেন না করে সরাসরি সরকারি প্রক্রিয়া অনুসরণ করার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভূমি অফিসে দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভূমি অফিসে নামজারি আদায় করে দেওয়ার কথা বলে নিথিপত্র নিজের কাছে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত। পরে আজ তাকে হাতেনাতে ধরে আটক করা হয় ও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হলে থাকে দণ্ডাদেশ দেওয়া হয়।” এছাড়া তিনি কোন দালালের মাধ্যমে না এসে সরাসরি সরকারি প্রক্রিয়ায় নামজারি করার আহবান জানান।











