চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর নৌ থানার এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক আচরণের কারণে তিনজনকে আটক করে তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোসা. জান্নাতুন নেছা (২০), স্বামী কাজল ইসলাম, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সোনারপাড়া এলাকার বাসিন্দা; রেশমি আক্তার লিজা (১৯), স্বামী আরিফিন হক জীবন, জয়পুরহাট সদর উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা এবং মো. ইউনুছ (৫৩), পিতা মৃত বুদ্দু দেওয়ান, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইউনুছের ব্যাগ থেকে ৩ কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমি আক্তারের ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে লঞ্চযোগে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ ধারণা করছে, তারা দীর্ঘদিন ধরে একই রুট ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে











