কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া তিনজনকেই ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী।
পুলিশ জানায়, গত (১৫ জুলাই) ৯টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত হাদিস চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. হেলাল পিতা: মৃত সুলতান, গ্রাম: চালিতাবুনিয়া, উপজেলা: বামনা, জেলা: বরগুনা), মহিউদ্দিন এবং জাকির। প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভাড়াটে অপরাধী চক্রের সদস্য। তবে হত্যার নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।











